ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday, 13 September 2018

প্রতিশ্রুতি

  প্রতিশ্রুতি
~শ্বেতা আইচ

“আচ্ছা মা, চাঁদ টাও আমাদের সাথে কাল যাবে তো?”, পুঁ চকে অরি প্রশ্ন ছুঁড়ে দেয় কুমুদিনী কে।
“চাঁদ আমাদের সকলের সোনা, চাইলেও শুধু তুমি আর আমি ওকে নিয়ে যেতে পারব না।“, চোখ দুটো পূর্ণিমার আলোয় চিকচিক করে ওঠে কুমুদিনীর।

চার বছরের ছেলে আর স্বামী সমীর কে নিয়ে ছোট্ট সংসার কুমুদিনীর। ছয় বছর আগে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল দুজনের। কুমুদিনীর শ্যামলা রং ও সেই সাথে গালভরা সাবেকি নামের জন্য অনেক গুলো সম্বন্ধ ফিরে গেছে। ঠাকুমার দেওয়া বড় সাধের নাম এটি। ছোট থেকেই একটু শান্ত স্বভাবের মেয়ে কুমুদিনী, স্বল্পভাষী। বাইরের জগতটা কলেজের পর আর দেখা হয়ে ওঠেনি। প্রায় এক বছরের কঠোর চেষ্টার পর সমীরের সাথে বিয়েটা পাকা হয়ে যায়। ইঞ্জিনিয়ার পাত্র,বেশ হ্যান্ডসাম ও। সম্বন্ধ টা বেশ অবাক করার মতোই ছিল। যাইহোক বিয়েটা হল শেষমেশ, কিন্তু তার পরের ঘটনা গুলো খুব একটা সুখকর ছিল না কুমুদিনীর জন্য। প্রথম রাতেই সে বুঝে যায়, সমীরের পছন্দের পাত্রি সে কখনোই ছিল না। সমীর তার রাগী বাবার মন রাখতে সাত পাকে বাঁধা পড়েছে।
মনটা সেদিনই ভেঙেছিল কুমুদিনীর। তারপর থেকে একটার পর একটা দিন কেটেছে, সমীর না পেরেছে ওকে ফেলতে না পেরেছে মেনে নিতে। জৈবিক নিয়মে শরীর দুটো এক হয়েছে ঠিকই কিন্তু মনের দূরত্ব টা একই ভাবে বজায় থেকেছে । বেডরুমে সম্পর্কটা যেমনই থাকুক, বাইরের জগতের কাছে নিজেদের সবসময় মানিয়ে চলেছে দুজনে। কুমুদিনী অনেক ভাবে সমীরকে ভালো রাখতে চেয়েছে, নানা কৌশলে ওর মন পড়ার চেষ্টা করে গেছে। তবু মনের শেষ সীমানা অতিক্রম করতে পারেনি। দেখতে দেখতে এক বছর কেটে গেল সংসার জীবনের। সমীরের অফিস ফ্রেন্ডরা এখনো পর্যন্ত কুমুদিনী কে দেখেনি। বারবার সমীর কে বিরক্ত করায় বাধ্য হয়ে বিবাহ বার্ষিকী উপলক্ষে সকলকে বাড়িতে ডেকে আনল। অফিসের মোস্ট ডিজায়েরেবেলের মিসেস কে দেখার ইচ্ছা কার না থাকে! কিন্তু সবার ইচ্ছা টা এভাবে ধাক্কা খাবে সেটার আভাস সমীর হয়ত পেয়েছিল। সবার ঠোঁটে যেন তাচ্ছিল্যের হাসি ধরছিল না। এই পছন্দ সমীরের? নিজেকে অসহায় লাগছিল সমীরের, কিন্তু তার থেকেও বেশি কষ্ট পাচ্ছিল কুমুদিনী। ওর রূপের জন্য সমীর কে আর কত ছোট হতে হবে? সেই রাতে সমীর ঘরে আসেনি। কুমুদিনী গেছিল ওর কাছে, কিন্তু…….

'তোমার জন্য আমাকে আর কত ছোট হতে হবে বলতে পারো?', সমীরের ভিতরের সব রাগ ফুটে উঠেছিল ওর চোখ মুখে।
'তুমি বলো আমি কি করবো?'
'চলে যাও আমার জীবন থেকে, মুক্তি দাও আমায়।'
'এতেই তোমার শান্তি হবে তাই তো? বেশ! তবে কয়েকটা দিন সময় দাও। বাবার শরীরটা ভালো নেই, উনি আমাকে চলে যেতে দেখলে সহ্য করতে পারবেন না। একটু সুস্হ হলে নাহয়…….'
‘তার মানে এটাই তোমার ফাইনাল ডিসিশান,তাই তো? ঠিক আছে, তবে আমিও আজ বলে দিচ্ছি, আমাদের মধ্যে আর কোন সম্পর্ক থাকবে না। আমার কাছে আসার চেষ্টাও করবে না, বুঝতে পেরেছ?'
'আমি কি আসতে চেয়েছিলাম? সেই রাতে তুমি ওভাবে কাছে টেনে…….'
'আহ্! আমি ঐ দিন বা রাত কিছুই মনে রাখতে চাইনা। এরপর থেকে তুমি আর আমি আলাদা ব্যস!'
'অন্তত বাবা কে কিছু বুঝতে দিও না। খুব কষ্ট  কথা দিলাম, উনি যেদিন থাকবেন না সেদিন আমি ও থাকব না।'
সেই রাতে আর কোন কথা হয়নি দুজনের। লোকচক্ষুর আড়ালে ওদের সম্পর্কটা সাজিয়ে রাখা শো পিস হয়ে গেছিল। একটু একটু করে কুমুদিনীর ভিতরটা পুড়ছিল। কোথাও কোন আশার আলো ছিল না। এরই মধ্যে এল এক অপ্রত্যাশিত খবর,যার আশা কুমুদিনী বা সমীর কেউই করেনি। কুমুদিনী কনসিভ করেছে, বাড়ির সবথেকে বয়স্ক মানুষটির আনন্দের সীমা রইল না। খুব খুশি মনে খবর টা সমীর কে দিয়েছিল কুমুদিনী, কিন্তু সমীরের মধ্যে কোন পরিবর্তন ওর চোখে পড়েনি। শুধু একটি পরিবর্তন ছাড়া। সবসময় ফোনে এনগেজড থাকে এখন, চ্যাটিং যাকে বলে। আপন জগতে থাকে, ভালো আছে সেটা দেখেই বোঝা যায়। কিন্তু কুমুদিনীর যে এখন ওকে খুব দরকার, বাচ্চাটা যে ওদের দুজনের। সেটা সমীর মানে তো? আচ্ছা ও যদি কোন দিন বাচ্চাটাকে অস্বীকার করে? সাতপাঁচ ভাবতে ভাবতে ৮মাস কেটে যায়। কুমুদিনীর শূন্য জীবন পূর্ণতার মুখ দেখে। ছেলে হয় ওদের, নাম রাখে অরি।
অন্ধকারে যেন আলোর দিশা খুঁজে পেল কুমুদিনী। সারাদিন ছেলে কে নিয়ে কেটে যায়।ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, সাজানো আরও কত কি। সময়ের সাথে সাথে ছেলে বড় হয়ে গেছে, কিন্তু সমীরের মধ্যে কোন পরিবর্তন আসেনি। সারাদিন শেষে এসে একটিবার হয়ত ছেলের কাছে বসে। ছেলেকে মানুষ করার জন্য টাকা পয়সা, জিনিসপত্র সবই দিচ্ছে কিন্তু বাবা হিসেবে কি শুধু এটুকুই করার? আমাকে না হয় মানতে পারেনি, কিন্তু অরি যে ওর নিজের রক্ত, তাকেও মেনে নিল না? আবারও প্রশ্ন এসে জমা হয় কুমুদিনীর মনে। হাজার হাজার নিরুত্তর প্রশ্নের আড়ালে কেটে যায় চারটে বছর। শ্বশুরমশাই খুব অসুস্থ, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। প্রাণপণে চেষ্টা করে চলেছে কুমুদিনী, কিন্তু ভগবান শেষ অবধি সঙ্গ দিলেন না। দুমাসের মধ্যে চলে গেলেন সমীরের বাবা।
সারাদিন বাড়িতে একা একা কাটে কুমুদিনীর। অরি নতুন স্কুলে ভর্তি হয়েছে। সমীরের কাছে তো আর কিছু আশাই করে না। অনেক ভেবে ঠিক করল যদি একটা কিছু চাকরি বা ঘরে বসে কিছু করা গেলে খারাপ হয় না। ভাবল কথা টা সমীর কে জানানো দরকার। সেদিন রাতে ডিনারের পর সমীর স্টাডিতে বসে অফিসের কিছু কাজ করছিল।
'আসব?', আস্তে করে দরজাটা খুলে অনুমতি চাইল কুমুদিনী।
'ও তুমি? এসো, ইনফ্যাক্ট আমি তোমাকেই ডাকব ভাবছিলাম।'
'তুমি ঠিক বলছ?', বিশ্বাস হয় না কুমুদিনীর।
'ডাকতে তো হতই, কথা রাখার সময় এসেছে যে। মনে আছে তো?'
বুকটা ছ্যাঁৎ করে ওঠে কুমুদিনীর। তার মানে সমীর…..
'ডোন্ট ওয়ারি, তোমার জন্য একটা গুড নিউজ ও আছে। একটা কোম্পানিতে কথা বলেছি তোমার জন্য। মোটামুটি ইজি জব, যা স্যালারি পাবে তাতে দুজনের ভালোভাবে চলে যাবে। আর আমি মাসে মাসে যা পাঠাব তাতে….’
'কবে বিয়ে করছ?
'হঠাৎ এই প্রশ্ন?', চমকে যায় সমীর।
'না মানে সেই অনুযায়ী ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও।'
'পাঠাবো মানে? কোথায় যাচ্ছ তুমি?'
'আমরা, আমি আর আমার ছেলে যাচ্ছি। অনেক ভেবেছ তুমি আমাদের জন্য। অনেক ধন্যবাদ।', সপাটে দরজাটা মুখের উপর বন্ধ করে চলে যায় কুমুদিনী।

ছেলের অনেক প্রশ্নের উত্তর দিয়ে আর জিনিসপত্র সব‌‌‌ গুছিয়ে নিয়ে রাতে আর ঘুমানোর সময় হয়নি কুমুদিনীর। সকালে উঠে সমীরের ঘরে একবার উঁকি দিল,কাল রাতে স্টাডিতেই ঘুমিয়ে পড়েছে সমীর। আলতো করে দরজাটা ঠেলে ঢুকল কুমুদিনী। অঘোরে ঘুমাচ্ছে ওর স্বামী, অনেকটা নিশ্চিন্ত লাগছে ওর মুখ টা দেখে। সেটাই তো স্বাভাবিক। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো কুমুদিনীর, মিথ্যে হলেও সংসার টা তো ছিল। জড়িয়ে ধরতে ইচ্ছা করল সমীর কে। এতগুলো বছরে একটি বারের জন্যও কি আমাকে ভালোবাসতে পারেনি? আমি কি এতটাই অযোগ্য? আচ্ছা আমার চাকরির ব্যবস্থা করে দেওয়ার মধ্যে কি কোথাও ওর ভালোবাসা লুকিয়ে আছে? ও কি তবে আমার পরীক্ষা নিচ্ছে? অজস্র সান্ত্বনার জালে নিজেকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলতে চায় কুমুদিনী। সমীরের ফোন টা অনেকক্ষণ ধরে ভাইব্রেট করছে। একটা আনসেভড নম্বর, রিসিভ করল  কুমুদিনী। কিন্তু হ্যালো বলার আগেই-
“কাল রাতে কথা হয়েছে কুমুদিনীর সাথে? চাকরির কথা টা বলেছ তো? বাবা আজ সন্ধ্যায় তোমাকে আসতে বলেছে। ডিভোর্সের ব্যাপারটা নিয়ে দত্ত কাকু কথা বলবেন, উনি ও আসবেন। সব মিটলে এবার বিয়েটা ফাইনাল করবে বাবা মা। কি হলো তুমি কিছু বলছ না যে?'
'আপনাদের বিয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল', দৃঢ় স্বরে জবাব দিল কুমুদিনী, 'চিন্তা করবেন না, সমীর কে আমি মুক্তি দিয়ে দিলাম।'
অন্যদিক থেকে কিছু বলার আগেই ফোন টা কেটে দিল কুমুদিনী। আর কিছু শোনার বা বলার মতো ক্ষমতা ওর নেই। এতক্ষণ ধরে যে মিথ্যে পৃথিবীর স্বপ্ন দেখছিল তার এক নিমিষে ভেঙে তছনছ হয়ে গেল। সমীর এখনো ঘুমাচ্ছে, ওর মুখের শান্ত ভাবের কারণটা এখন পরিষ্কার কুমুদিনীর কাছে।

'বাবা যাবে না আমাদের সাথে?', ছোট্ট অরির প্রশ্নের সম্মুখীন সমীর আর কুমুদিনী।
'না সোনা, তোমার বাবার এখন অনেক কাজ সামনে। নতুন অতিথি আসবে যে বাড়িতে।'
সমীর অবাক চোখে তাকিয়ে থাকে কুমুদিনীর দিকে।
' কি ভাবছ? আমি কি করে জানলাম? সংসার টা তোমার জন্য মিথ্যে হলেও আমি কখনো তা ভাবিনি। তোমাকে একটু হলেও তো চিনেছি। গত চার বছর ধরে যে সম্পর্কটাকে পরিণতি দিতে পারোনি, আজ তাকে স্বীকার করে নাও। এটুকু দেখে অন্তত শান্তি পাব যে কেউ তো তোমার দ্বারা স্বীকৃতি পেল। আর ধন্যবাদ, চার বছর আগের আমার দেওয়া প্রতিশ্রুতি টা এত সুন্দর ভাবে মনে করিয়ে দেওয়ার জন্য। ভালো থেকো সমীর।'

এই প্রথম সমীর কে তার নাম ধরে ডাকলো কুমুদিনী। একফোঁটা জল ও মেয়েটার চোখের কোণে লেগে ছিল না সেদিন।

লেখিকা- শ্বেতা আইচ

অভিযোজন

অভিযোজন
~রাণা চ্যাটার্জী

নিজেকে বদলাতে বদলাতে অন্যের কাছে 
              গ্রহনীয়তা বজায় রাখা কি আদৌ কোনো সমাধান সূত্র দেয় স্বাচ্ছন্দের ,বীজগণিতের  মতো!

জীবন টা উপপাদ্য,সম্পাদ্যের মতো মোটেও নয়, যে এর শেষে মিলে গিয়ে আসবে তৃপ্ততার হাসি।

তবু অদল বদলের দিন বদলে নিজেকে ক্রমশ হারিয়ে ফেলার ভয়ে বদলাতে বদলাতে সত্যিই,
ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া তুমি, আদতে হেরেই বসে থাকো নিজের আদি অকৃত্রিম আদলের কাছে।

নাই বা বদলালে নিজেকে,দিন বদলের  বহুরূপী রঙে,
কি যায় আসে,তোমার তুমিত্ব কে বিসর্জন দেওয়া যার জন্য ,সেই যদি তোমার অভিযোজন ক্ষণে
                                          পুনরায় বদলে যায়!

Saturday, 11 August 2018

উজ্জ্বল উপস্থিতি


উজ্জ্বল উপস্থিতি
~সুমন দাস

এখন তুমিও শান্তিনিকেতন

তুমিও ছাতিমতলা, ছায়াঘন পথের পথিক;

বিরক্তির অবশেষে স্বস্তি সাঁওতাল পাড়ার গলি-পথে।

তুমিও এখন শুভ্র পোশাক, বুধবার মন্দিরে;

পছন্দ করো রবীন্দ্র-কবিতার পংক্তি, গানের সুর।

পাতাঝরা পথে বকুল-বীথিতে ভিখারীনির হাতে তুলে দাও মূল্যবান সম্পদ;

পাঠভবন, চা-চক্র পথে এখন তোমার চলাচল।

উপস্থিতি সংগীত ভবনে অনুষ্ঠানের মহরায়। 

যুবতী-সন্ধ্যায় অভিন্ন আড্ডা ধুম্র পানের অভ্যেস,

সঙ্কোচহীন তুমি তাই ‘আধুনিক’।

যদিও তুমি ছেড়ে দাও ওসব কথা...না বলা।

গোধুলি-সন্ধ্যা-রাত একাকার হয় কখনও পূর্ণিমায়,

হয়তো দেখেছো

হঠাৎ ওপথে ফিরছি আমি,  সঙ্গে বন্ধু কথাকার।

আকাশে তখন পূর্ণ চাঁদের চিত্র চমৎকার,

আর মনে পড়ে কবি বলেছেন ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’।

তথাপি, ভুলে থাকি তার সৌন্দর্যে

আর শোনা হয় নাকো কথাকার বন্ধুর গল্প, বুলেটিনের শেষ কটি পংক্তি

যেহেতু, উজ্জ্বল উপস্থিত তুমি হৃদয়ে আমার।।

Friday, 10 August 2018

অভদ্র প্রেম

অভদ্র প্রেম
~মৃণালকান্তি মুখার্জি

এক অভাগা প্রেমে পড়লো আরো এক অভাগীর সাথে
প্রেম ত না শুধুই প্রেম প্রেম ভাব
কল্পনার আকাশ এ ভেসে বেরলো তাদের প্রেম এর নৌকো।
সব ই ছিল ইচ্ছা মতো ইচ্ছে ডানায় ভর কেউ কখনো ভাবেনি আসবে নেমে ঘর ভাঙা ঝড় .....
কাটলো বছর দশ ...
অভাগী টা আজ মা হয়েছে সুখের সোনার সংসার এ আজ বইছে আনন্দের ঢেউ .....
অভাগা টা আজ কেমন আছে জানে কি আজ কেউ ? সেতো আজ বিশাল বড়ো রাজমহল এ থাকে সারাটিক্ষন সবাই তাকে চোখে চোখে রাখে ..
পাগলাগারদ এর ডাক্তার এবং নার্স রা তাকে খুব যত্নে রাখে ....
কেউ কি ভাবলে কেন পাগলাগারদ ? না না নিশ্চয় অভদ্র , বাজে বখাটে লম্পট তাই এই দশা ...
হা হা হা !! যতই হোক ছেলে ত !! অভাগা ত চেয়ে ছিল বাঁধতে সুখের ঘর , অভাগীর মনে ছিল অন্য কিছু তাই বদলে নিলো নিজের সংসার .....।

মানুষের চাহিদা

মানুষের চাহিদা
~সত্যস্বরূপ গোস্বামী

মানুষ যখন সন্তান চায় পুত্রই চায় প্রাণপনে
কিন্তু যখন বিয়ে করবে তখন ভাল মেয়ে লাগে
প্রেম করবে বান্ধবী চাই, বড় করতে মা লাগে
কিন্তু যখন সন্তান চাই মেয়ে যেন না আসে
আবার যখন ঠাকুর পূজি দুর্গা লক্ষী সরস্বতী
তখন সবাই নোয়ায় মাথা মনের ভয়ে প্রাণপনে
মাটির মূর্তি দেদার ভক্তি দেখায় সবাই একমনে
কিন্তু যখন সন্তান চাই মেয়ে যেন না আসে
পুত্র করে বংশ রক্ষা মেয়েরা কি তাই করতে পারে?
বিয়ের পরে পর হয়ে যায় তখন কি আর নিজের থাকে
মেয়ে মানেই কাধের বোঝা
খরচ হবে একগাদা
পুত্র কমায় বাপের বোঝা এই আশাতে সবাই থাকে
তাই যখন সন্তান চাই মেয়ে যেন না আসে
পুত্রকামী মানুষ গুলো ভুলতে চাইছে প্রাণপনে
গর্ভধারণ করবে মেয়েই পুত্র কি তা করতে পারে?
এরপরে ভাই এমন হল মেয়ে গুলো সব হারিয়ে গেল
তোমার যদিও পুত্রই চাই গর্ভ তখন কোথায় পাবে?

খোঁজ

খোঁজ
~অভীপ্সা মুখার্জী

আমি বরাবর উৎস খুঁজতে ভালোবাসি।
হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ কথা পড়েছিলাম ভূগোল বই এ তে...
খুব ইচ্ছে আছে দেখে আসবো..
সাভানা তৃণভূমি, পিরানহা মাছ, কিংবা পাহাড়ের কোলে ভেসে বেড়ানো মেঘ...
কিছুই দেখে ওঠা হয়নি জীবনে..
প্রকৃতির সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে , বড়ো হওয়ায় সাথে সাথে সেটা বুঝতে পারি..
ফলের বীজ পেলেই ভাবতাম পুঁতে দেবো বেশ গাছ হবে, এমন কি ছোট্ট ছিলাম যখন তরমুজের বীজ জমাতাম।
যে গাছ হবে , অনেক তরমুজ হবে..
ব্লা ব্লা ব্লা...
এগুলো একদম ছোট বেলা কার ভাবনা..
বড়ো হওয়ার সাথে সাথে প্রাকৃতিক বিষয়ের উপর মাত্রাতিরিক্ত আগ্রহ বেড়েছে। গাছ দেখলেই কিনে ফেলা, বা বাড়িতে ইউজ হয় না এমন কিছু দেখলেই ভাবি যে এতে গাছ বসানো যাবে!!
খুব সম্প্রতি একটা কলেজে পরীক্ষা দিতে গেছিলাম ওখানে কয়েকটা গাছের চারা দেখে এসেছি। অবহেলায় পরে আছে, সুযোগ পেলেই ঝেড়ে দেবো।
হ্যাঁ, এতে কোনো দোষ দেখি না। ওখানে অবহেলা পেয়ে বড়ো হওয়ার থেকে আমার কাছে যত্নে থাকবে।
একটা বীজ থেকে চারা তৈরি আর তারপর কুঁড়ি আসা, ফুল ফোটার মধ্যে গাছ টার সার্থকতা।
আর আমার!!
শুধু দেখেই শান্তি..
কেউ যদি এক গোছা গোলাপ নিয়ে এসে বলে ভালোবাসি ,
খুশি হবো না মোটেও..
এক খান গোলাপ গাছ কিংবা জুঁই ফুল এর গাছ দিয়ে যদি বলে এই গাছ তোমাকে আমার কথা চিন্তা করতে বাধ্য করবে তাহলে সত্যিই ভাবতে বাধ্য হবো..💕

মুক্তি

পৃথিবীর নির্জনতায় রোজ খুঁজি
হয়তো একটা বাক‍্য , হতে পারে কোনো শব্দ ।
হয়তো নিতান্ত , হতে পারে মূল্যবান ।
আরবের মরুভূমিতে তখন মরুঝড় ।

খোঁলা জানালায় দাঁড়িয়ে থাকি ।
স্বপ্ন ওড়ে ফাঁকা রাস্তায় ।

মৃত জীবন জানালার গ্রীল ভেঙে বেড়িয়ে যেতে চায় ।
আসুক আরবের ঘোড়াগুলো ,
ভেঙে দিক যক্ষপুরীর জানালা ।
মুক্তি হোক জীবনের , মুক্তি হোক মনের ।

সম্পা পাল , শিলিগুড়ি ।

মেয়েটি

মেয়েটি
~সুদীপ ঘোষাল

ওকে ধর্ষণ করতে পারেনি
ও শুধু বলেছিলো
বাপের বেটা হলে
একে একে আয়....

ওরা পালিয়েছিলো
কথার অর্থটা বুঝতে পারে নি
মেয়েটা তার বিয়ে করা মেয়েটা নিয়ে
সোনাগাছির পাশে বাসা ভাড়া নিয়ে আছে

বেপরোয়া মেয়ে,তার এক কিলে কেলিয়ে যায় পুরুষ
অতসব নারী স্বাধীনতার বুলি কপচায় না
খায় দায় আর নিজেরটা বুঝে নেয়
চোখের সামনে অন্যায় দেখলে জান লড়িয়ে দেয়

অতসব বই পড়ে না মেয়েটি
তবু বই পড়া কোনো পাগল দেখলে
বই কিনে দেয়
পৃথিবীটা হাতের মুঠোয় করে চলে মেয়েটি
বশ করার বাক্য ওর চোখে মুখে
রাতে ওর কিন্তু মেয়ে শরীর  আর একটা মেয়ে শরীরে সেঁধিয়ে যায়
নব প্রভাতে ও পৃথিবী জাগায়...

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি