ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label দিবাকর মন্ডল. Show all posts
Showing posts with label দিবাকর মন্ডল. Show all posts

Wednesday, 3 October 2018

ঢেউ

ঢেউ
দিবাকর মন্ডল

আমার এই দুটো চোখ তোমার মনের কথা পড়ে ফেলেছে

যে কথার অক্ষরগুলো তুমি লিখেছিলে জলের গায়ে

চোখের পলক ফেলতে না ফেলতে ঢেউয়ে মিলিয়ে গেছে।

তোমার ছায়া পূর্ণিমার আলোয় আমার ছায়ার সঙ্গে মিশে গেছে।

একটুও টের পেলে না

এই নীরালায় নদীতীরে আমার সঙ্গে মিশবে বলে পাগলপারা

মোহময়ী রাত, জোনাকির আলো তোমার শরীরে ছড়িয়ে দিয়েছে অদ্ভুত স্পন্দন

মিলনের নেশায় কেমন মাতাল হয়ে উঠেছ

তাই এলোমেলো স্পর্শে হাতড়ে বেড়াচ্ছ আমাকে।

অথচ আমার ছায়া তোমার ছায়ার সঙ্গে মিশে আছে তীরে

যেখানে ঢেউ এসে অবিরাম দোলা দিচ্ছে

ছায়া দুটো ভাসছে

আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গভীর জলের দিকে।

Friday, 29 June 2018

দিবাকর মন্ডলে'র দুটি কবিতা

১) ভাগাভাগি

~দিবাকর মন্ডল

 

সবকিছু ভাগ হয়ে গেছে

একান্নবর্তী পরিবার থেকে দেশ,

চাঁদ- মঙ্গল’ এর মাটিও নিস্তার পায়নি

ভাগ হয়ে গেছে শেষমেশ।

 

ভাগ হয়ে গেছে মানুষ

হিন্দু- খ্রিষ্টান- মুসলিম- বুদ্ধ- শিখ,

ভাগ হয়ে গেছে আহার- বিহার, সংস্কৃতি

একজনার কাছে ঠিক আর একজনার বেঠিক।

 

ভাগ হয়ে গেছে রাজার আদেশ

বহুদলীয় রাজনীতি

দলের মধ্যে দলাদলি

লক্ষ থেকে বিচ্যুতি।

 

ভাগ হয়ে গেছে শরীর

ধর্মের মড়কে জব্দ,

যখন ধার্মিক বলে, ধর্ম আমার প্রকাশ্যে নয়

অন্তরে উপলব্ধ।

 

আসলে সবাই বাঁচে নিজের জন্য

সবার জন্য নয়,

তখন থেকেই ভাগ হয়েছে

নাম-ধাম- পরিচয়।

 

মন্দির- মসজিদ’ এ ভিড় জমেছে

নেই শুধু ঈশ্বর,

মনের ভিতর দৈববানী

আমাকেও ভাগ কর।

 

পূজা- পার্বণ, আজান- প্রার্থনা

সবকিছু আজ বৃথা,

কারণ ভাগাভাগি করে হাতে তুলেছি

কোরান- বাইবেল- গীতা।  



২)গোপন  

 

সুর হল ঝর্ণাধারা

স্নানের ঘরে জলের ফোয়ারা,

তোমার নগ্ন শরীর ভিজছে চেয়ে

রূপে-গুণে অপ্সরা।

 

কথা হল জলের কণা

তপ্ত শরীর নিয়ে আলোচনা,

তোমার ছোঁয়ায় পুড়ছে কথা

সুর তাই বাস্পকণা।

 

গানে তাই ঝরছে আগুন

চোখের পাতায় ছুঁয়েছে ফাগুন,

জোয়ার এসেছে নদীর জলে

পাহাড় ঢেউ খাচ্ছে দারুণ।

 

আমি গান বাঁধব না

কাউকে কিছু বলব না,

মুহূর্তটা গোপন থাক

উত্তেজনা বাড়াব না।     



সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি