ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label অরিজিত চট্টোপাধ্যায়. Show all posts
Showing posts with label অরিজিত চট্টোপাধ্যায়. Show all posts

Friday, 22 June 2018

অরিজিত চট্টোপাধ্যায়ের দুটি কবিতা

১) গুলজারিশ
~অরিজিত চট্টোপাধ্যায়

নীলচে আকাশ
কী আর দেবে তোকে ?
বাড়াস হাত , নেশার উদ্রেকে
ঝাপসা চোখে বিষাদ ভালোবেসে
আমার বুকে , কান্নাকুসুম রাখিস ।

তোর গায়ে সব কবিতা ছুড়ে মারি
শব্দেরা সেই আগুন হয়ে জ্বলে
তোর কখনো শরীর জালা করে ?
নীরব কেন থাকিস
জ্বালার পরে শীতল নাভিদেশে
বৃষ্টি ভালোবাসিস ?

আমারও মেঘ দীর্ঘ বেলাশেষে
বর্ষা নামায় অলীক আক্রোশে .....

বৃষ্টিমাখা মন্দাকিনী নারী
ক্লান্ত পায়ে
তোর গায়ে সব কবিতা ছুড়ে মারি
নীরব কেন থাকিস ...

২) বৃষ্টিকথন

~অরিজিত চট্টোপাধ্যায়

এই বর্ষাতে চশমার অজুহাত
চোখের ভেতরে জমে থাকে কত ক্ষত ...
সেলফোন জুড়ে বেজে চলে মল্লার
ভিজে দুটো ঠোঁট এখনও অসংযত ।

জানলার পাশে এলোমেলো বসে থাকা -
খোলা চুল জুড়ে শ্রাবণ গড়িয়ে পড়ে ,
আলসেমি তোর বৃষ্টির চুপকথা
ভিজে যাওয়া মন শুকোয় বালিশ জুড়ে ।

আজও ছুটি হয় রেনি ডে তে ইস্কুল ?
রাস্তার জলে কাগুজে নৌকো চলে ?
শেডের নীচে বিপাশা আর মফিসুল
সব ভাষা ভুলে আদরের ভাষা বলে ?

নিশ্চয় বলে , বর্ষার দৌলতে ।
সাম্প্রদায়িক রোদ বাড়ে মাঠ জুড়ে
মেঘ করলে তবুও মানুষজন
বৃষ্টির সাথে প্রেমের কবিতা পড়ে ।

Arijit Chatterjee
N.S. Bose Road
Near Ananda Marg
Po- Dulmi Nadiha
Purulia - 723102

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি